পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার

 

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার

সংগ্রহীত ছবি । 

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে বাসটি নদী থেকে টেনে তোলা হয়।

ফেরিঘাট ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ‘এস বি পরিবহন’-এর ওই বাসে কেবল চালক, হেলপার (সহকারী) ও সুপারভাইজার ছিলেন। নদী থেকে তাদের জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসে কোনো যাত্রী ছিলেন না। ফেরিতে ওঠার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা মিলেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের বাসটি ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ভয়াবহ দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post